
ডেস্ক রিপোর্ট। Katha24.com
ঢাকা, ২৪ জানুয়ারি:
মালিক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়া।
আজ শুক্রবার মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “আমরা মালিক-শ্রমিকসহ সব পেশার মানুষের উন্নয়ন চাই। সেই উন্নয়নের স্বার্থেই ধানের শীষে ভোট দিতে হবে। বাস টার্মিনাল আধুনিকায়ন, শ্রমিক-মালিকদের স্বার্থ সংরক্ষণ—এসব বিষয়ে আলোচনা করে একটি টেকসই সমাধানে পৌঁছাতে হবে।”
তিনি আরও বলেন, শ্রমিকরা শ্রম দেবে, তাদের অর্জন তারাই ভোগ করবে—সেখানে যেন কোনো জুলুম না থাকে। সেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অভিজ্ঞ নেতৃত্ব। তিনি ধানের শীষের প্রতিপক্ষদের সমালোচনা করে বলেন, “যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ তাদের একাত্তরের ভূমিকা আজও বিতর্কিত।”
আব্দুস সালাম বলেন, “জিয়াউর রহমান দেশ চালিয়েছেন, খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন—এবার তারেক রহমানকে দেখার পালা। তিনি অবশ্যই একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবেন।”
তিনি জোর দিয়ে বলেন, “সবার আগে দেশ। দেশ বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।”
বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “এই সময় মালিক-শ্রমিকেরা চরম কষ্টে ছিলেন। করোনাকালে মানুষ না খেয়ে থেকেছে, অথচ তৎকালীন সরকার কাউকে সহায়তা করেনি। আমরা এমন সরকার আর কখনো চাই না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “গত ১৭ বছরে মহাখালী বাস টার্মিনালের কোনো উন্নয়ন হয়নি। অবস্থা আগের মতোই রয়ে গেছে।”
তিনি বলেন, বিএনপির নেতৃত্ব নিয়ে কটূক্তি নয়, বরং তাদের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত। “তারেক রহমান কাউকে আক্রমণ করেন না, তিনি উন্নয়নের রূপরেখা তুলে ধরেন—এটাই বিএনপির রাজনৈতিক সংস্কৃতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ মৃধা।
আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবির খান, ঢাকা সড়ক পরিবহন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে মালিক ও শ্রমিকরা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।